ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হবেই :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হবেই। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধের সঙ্গে যেই জড়িত হোক তাকে শাস্তি পেতেই হবে। তিনি ওসি হোক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক অথবা জনপ্রতিনিধি হোক। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার জন্য    ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যতটুকু অপরাধ করেছে এর জন্য তাকে শাস্তি পেতেই হবে। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাত হত্যার ঘটনায় মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। চার্জশিটে তার নামও এসেছে। পালিয়ে গেলে খুঁজে পেতে হয়তো একটু সময় লাগবে। তবে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দু-একটি দুর্ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ঈদের সময় কোস্টগার্ড, পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা তত্পর ছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্বিঘ্ন নিরাপত্তায় পর্যটন  কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ ইমিগ্রেশন পার হওয়ার সময় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন। এ সময় পাসপোর্ট চাওয়া হলে সেটি তার ব্যাগেই আছে বলেও জানান। এ ঘটনায় দায়িত্বরত ইমিগ্রেশন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওসি মোয়াজ্জেমের গ্রেফতার নিয়ে লুকোচুরি

এদিকে, ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর এখন পুলিশ বলছে, তিনি পালিয়ে গেছেন। ফেনী ও রংপুর দুই জায়গার পুলিশই গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা রংপুরে এসেছে। কিন্তু মোয়াজ্জেম হোসেন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরোয়ানাটি  সোনাগাজী থানার ওসির কাছে পাঠানো হয়েছে। রংপুরে পাঠানোর ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি। বিধিমোতাবেক কাজ করার জন্য তিনি ফেনীর পুলিশকে জানাবেন।