গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে ৫৭টি শ্রমিকের ঘর। রবিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইল এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন দুই শ্রমিক।
গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, ভোর পৌনে ৪টার দিকে বাইমাইল উত্তরপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের শ্রমিক কলোনীতে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের খোকা মিয়া, রায়হান উদ্দিন ও নাজমুল হোসেনের শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নেভাতে শুরু করে। ব্যর্থ হয়ে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গাজীপুরের কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এরই মধ্যে আগুনে ৫৭ ঘর পুড়ে যায়।
