হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম ফারুক হোসেন। রবিবার অভিযুক্তকে জব্দকৃত ইয়াবাসহ মামলা দিয়ে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ১ নম্বর আগমনী টার্মিনালের সামনে ফারুক হোসেন নামের এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটে কালো রঙের স্কচটেপ প্যাঁচানো প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেটের মধ্যে গোলাপী রঙের ৯১২ পিস এবং সবুজ রঙের ৮ পিস ইয়াবা পাওয়া যায়।
