ফেনী ও ঢাকার নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। এরমধ্যে ফেনীর ফতেহপুর রেল গেটের কাছে শনিবার গভীর রাতে ইয়াবা কারবারিদের সঙ্গে র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় দুইজন। আর নবাবগঞ্জের মাঝিরকান্দা ডাঙ্গারচক এলাকায় গতকাল রবিবার ভোরের দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ (৩১) নিহত হয় সন্ত্রাসী রিপন মোল্লা।
ফেনী প্রতিনিধি জানান, র্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফতেহপুর রেলগেটের কাছে একটি টিনশেড ঘরে কয়েকজন ইয়াবা কারবারি অবস্থান নিয়েছে এমন খবরের ভিত্তিতে র্যাব এলাকাটি ঘিরে ফেলে। মাদকব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে র্যাব আত্মরক্ষার জন্য পাল্টা গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে দুইজন ইয়াবা কারবারি গুরুতর আহত হয়। তাদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের একজন কুমিল্লার ভাঙ্গুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহ্বুবুল হাসান রুবেল। নিহত অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। র্যাব অধিনায়ক জানান, ঘটনাস্থল থেকে একটি হটপটের ভিতর থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ১টি ওয়ান শুটারগানসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, নিহত রিপন মোল্লা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের এলেন মোল্লা ওরফে এরেন মোল্লার ছেলে। তিনি নবাবগঞ্জের সাম্প্রতিক জোড়া খুনের মামলার আসামি। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও রাজ্যৈরসহ বিভিন্ন থানায় দুইটি হত্যা, ৫টি ডাকাতি, ১টি অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন, কাজী নাসের, এএসআই মিজানুর রহমান প্রধান, কনস্টেবল সেলিম রেজা, আ. রহমান, ড্রাইভার নোমান আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
