অ্যাশেজ ব্যান্ডের কণ্ঠশিল্পী জুনায়েদ ইভান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। গানের বাইরে সমানভাবে পরিচিত লেখক হিসেবেও। এবার তিনি অর্জন করলেন রকমারি বইমেলার বেস্টসেলার লেখকের খেতাব।
সোমবার (৪ জুলাই) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে 'নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড - ২০২২' প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের তিন শরও বেশি লেখক, দেড় শ’র অধিক প্রকাশনী ও তারকা অংশগ্রহণ করেন। এতে দুইটি অ্যাওয়ার্ড (বেস্ট সেলার অ্যাওয়ার্ড - ২০২১ এবং বেস্ট সেলার অ্যাওয়ার্ড - ২০২২) জেতার গৌরব অর্জন করেন জনপ্রিয় লেখক ও কণ্ঠশিল্পী জুনায়েদ ইভান।
প্রথম বই ‘শেষ’ এর জন্য ‘উপন্যাস’ ক্যাটাগরিতে এবং দ্বিতীয় বই ‘অন্যমনস্ক’তে ‘গল্প’ ক্যাটাগরিতে যথাক্রমে বেস্টসেলার অ্যাওয়ার্ড - ২০২১ এবং বেস্টসেলার অ্যাওয়ার্ড - ২০২২ এ প্রথম স্থান অধিকার করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া দেশবরেণ্য সাহিত্যিক, শিক্ষাবিদগণ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
নিজের অর্জন প্রসঙ্গে জুনায়েদ ইভান ইত্তেফাককে বলেন, এ ধরনের প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আরও অনেক বেশি উৎসাহিত করে। সবাই যেভাবে ভালোবাসে, তাতে একটা দায়বদ্ধতাও কাজ করে। পাঠকদের অসংখ্য ধন্যবাদ।
