পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনার পাশাপাশি নতুন ছুরি, চাকু-দা, বটি, হাসুয়া কেনার পালা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়ে গেছে জেলার কামারশালাগুলোতে। ঈদুল আজহা উদযাপনে কোরবানির অংশ হিসাবে পুরোনো দা-বটি-ছুরি-চাকু ধার দেওয়ার পাশাপাশি নতুন দা-বটি-ছুরি-চাকু কেনার ধুম পড়েছে।
কোরবানির পশু জবাই ও মাংস টুকরা করার জন্য এসব অস্ত্র প্রতিটি পরিবারেই প্রয়োজন হয়ে পড়ে। বছরের অন্যান্য সময় এই অস্ত্রগুলোর তেমন ব্যবহার না থাকায় অধিকাংশ পরিবারে এগুলো মরিচা ধরে পড়ে থাকে। কোরবানির সময় এলেই নতুন অস্ত্র তৈরির পাশাপাশি অনেকেই পুরোনোগুলো শান দিয়ে প্রস্তুত করেন।
কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর তেমন কাজ না থাকে না। কোরবানির ঈদের সময় দা-বটি-চাকু-ছুরি-হাসুয়া তৈরি ও বেচাকেনা ভালো হবে এমন আশায় বুক বাঁধেন কামাররা।
জেলাশহরের নতুনহাট সড়কের কামার প্রদীপ কর্মকার জানান, কোরবানির ঈদের সময় আমাদের কাজ বেড়ে যায়। বছরের অন্য সময়ে কাজ খুবই কম থাকে।
কালাই উপজেলার পুনট এলাকার কামারপট্টির নির্মল কর্মকার বলেন, গত বছর থেকে এই বছর কয়লা লোহা শান দেওয়ার পাথরসহ সব কাঁচামালের দাম বেড়েছে।
