পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বার্কিং কাউন্সিলের ‘দ্য পাস গার্ডেনস’ নামের ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ১০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। তবে ঐ ভবনে কোনো ব্রিটিশ বাংলাদেশি আটকে রয়েছেন কি না বা এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রবিবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৫টায় লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র জানান, রবিবার বিকাল তিনটার দিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তারা আগুন নেভাতে কাজ শুরু করেন। ভবনটির আশপাশের ভবনগুলোতে কয়েকটি বাংলাদেশি পরিবার বাস করে, ঘটনার পরপরই তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
