ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দাপ্রধানের যৌথ হুঁশিয়ারি

দুই দেশের স্বার্থের প্রতি চীনের দীর্ঘমেয়াদি হুমকি বাড়ছে

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৫:৩০

প্রথমবারের মতো যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দুই প্রধান। বুধবার এই দুই গোয়েন্দা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি দীর্ঘ মেয়াদে চীনের হুমকি বাড়ছে।

এমআই৫ পরিচালক জেনারেল কেন ম্যাককালাম জানান, তারা ইতিমধ্যেই চীনা হুমকি মোকাবিলার প্রচেষ্টা আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়েছেন। এছাড়া তিনি জানান, ২০১৮ সালের তুলনায় বর্তমানে তারা সাত গুণ বেশি হুমকির ঘটনা তদন্ত করছেন। এমআই৫ পরিচালক আরো জানান, গত এক বছরে ৩৭ দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে তার সংস্থা। সাইবার গুপ্তচরবৃত্তি থেকে রক্ষা পেতে এসব দেশকে সহায়তা করা হয় বলে তিনি জানান।

এদিকে এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ারি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য মিত্রদের জন্য অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ‘সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি হুমকি’ চীন সরকার। তিনি বলেন, ‘চীন সরকার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে বিশ্বকে আকার দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো দাবি করেন, এ বছর নিউ ইয়র্কের কংগ্রেশনাল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে বেইজিং। তিনি বলেন, বেইজিং চায়নি তিয়েনয়ানমেন স্কয়ারের সাবেক বিক্ষোভকারী ও সমালোচকরা নির্বাচিত হোক।

এফবিআই পরিচালক সতর্ক করে আরো বলেন, চীনা সরকার অনেক অত্যাধুনিক ব্যবসায়ীর চেয়েও আরো গুরুতর হুমকি সৃষ্টি করেছে এবং তারা ‘আপনার প্রযুক্তি চুরি করতে প্রস্তুত’। চীন সরকারের হ্যাকিং কর্মসূচি অন্য যে কোনো দেশের চেয়েও বড় বলেও মন্তব্য করেন তিনি।

চীন জোর করে তাইওয়ান দখল করে নিতে পারে দাবি করে এফবিআই পরিচালক বলেন, এটা ঘটলে পৃথিবীর প্রত্যক্ষ করা সবচেয়ে বাজে ব্যাবসায়িক বিঘ্ন ঘটবে।

ইত্তেফাক/এএইচপি