ভারতের রানবন্যায় হারলো অস্ট্রেলিয়া

আপডেট : ১০ জুন ২০১৯, ০০:১৯

এবার বিশ্বকাপের অন্যতম ‘হাই ভোল্টেজ’ ম্যাচ ছিলো অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার খেলাটি। কিন্তু খেলাটাকে অনেকটাই একপেশে করে ফেলে ভারতীয় ব্যাটসম্যানরা। পরে বোলারদের কল্যাণে ভারত পেলো ৩৬ রানের জয়। প্রথমে ব্যাট করে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৫২ রান সংগ্রহ করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ইনিংসের শেষ বলে ৩১৬ রানে অলআউট হয়।

ভারতের ছুড়ে দেওয়া লক্ষ্যে চলতে গিয়ে অতি সতর্কভাবে শুরু করে অস্ট্রেলিয়া। ১৩ ওভারে মাত্র ৬১ রান তুলতে পারে। অ্যারন ফিঞ্চ ৩৬ রান করে ফিরে যান। এরপর ওয়ার্নার ও স্মিথ ধীরে চলেই চেষ্টা করেছিলেন ম্যাচে ফিরতে। কিন্তু ওয়ার্নার ৫৬ রান করে আউট হয়ে যান। উসমান খাজাকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন স্মিথ। খাজা ৪২ ও শেষ ভরসা স্মিথ ৬৯ রান করে ফিরে আউট হন। এরপর বাড়তে থাকা কাঙ্খিত রান রেটের সাথে আর অস্ট্রেলিয়া কখনোই পাল্লা দিতে পারেনি।

এর আগে ভারতকে রান পাহাড়ে তুলে দেওয়ার মঞ্চটা তৈরি করে দিয়ে যান দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দুই জনে ১২৭ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নিয়ে রোহিত-ধাওয়ান ২২ ইনিংসে ১২৭৩ রান করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জুটির এটা সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২৯ ইনিংসে সর্বোচ্চ ১১৫২ রান ছিলো ডেসমন্ড হেইন্স ও গর্ডন গ্রিনিজের। রোহিত ৭০ বলে ৫৭ রান করে আউট হওয়ার মধ্য দিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর ধাওয়ানের সাথে আরেকটা বড় জুটি করেন কোহলি। ধাওয়ান শেষ পর্যন্ত ১০৯ বলে ১১৭ রান করে আউট হন। আর এখান থেকেই রানবন্যাটা শুরু হয়।

কোহলির সঙ্গে রান উত্সবে যোগ দেন মারমুখী হার্দিক পান্ডিয়া। এর মধ্যে কোহলি ফিফটি করে ফেলেন। বিশ্বকাপে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার ভারতের প্রথম তিন ব্যাটসম্যানই পঞ্চাশ পার করলেন। পান্ডিয়া ২ রানের জন্য ফিফটি পাননি। মাত্র ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রান করে ফেরেন পান্ডিয়া। এরপর কোহলি ও ধোনি শেষ ওভারগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর দায়িত্ব নেন। ধোনি ১৪ বলে ২৭ রান করে ফেরেন। অন্য দিকে কোহলি সেঞ্চুরির মায়া না করে ব্যাট চালাতে থাকেন। তিনি সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে আউট হয়ে যান। ৭৭ বলে ৮২ রান করেন কোহলি। আর শেষ সময়ে উইকেটে এসে ৩ বলে ১১ রান করেন লোকেশ রাহুল।