বাগেরহাটের মোল্লাহাটে ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল শেখের বাড়ির ধানের গোলা থেকে এ গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ সময় সামছুন্নাহার (৪৫) নামের এক নারী ও তার ছেলে রমজান শেখকে (২২) আটক করা হয়। আটক রমজান শেখ মোল্লাহাটের গোলারচক এলাকার ওবায়দুল শেখের ছেলে। সামছুন্নাহার ওবায়দুল শেখের স্ত্রী।
এদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানা পুলিশের একটি দল উপজেলার গোলারচক এলাকায় অভিযান চালান হয়। এসময় ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
