স্বাস্থ্য-বিষয়ক প্ল্যাটফর্ম ‘হেলথ বন্ধু’ এর কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০২:২০

দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘ক্রিয়েটিং এ ডিজিটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম কনফারেন্স’। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বিএসএসএফ কনভেনশন হলে এ সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।

‘হেলথ বন্ধু’ বাংলাদেশের বৃহৎ ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছে, যেখানে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে পাওয়া যাবে। এই উদ্যোগ বেসরকারিভাবে ডিজিটাল হেলথকেয়ার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘হেলথ বন্ধু’ মোবাইল অ্যাপের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

এ সময় বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘স্বাস্থ্যসেবায় যে বিড়ম্বনা তা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে আছে। স্বাস্থ্যসেবা যেভাবে চলছে, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেভাবে পৌঁছচ্ছে না। তাই, ডিজিটাল এই সিস্টেমের মাধ্যমে তাদের মাঝে সেবা পৌঁছানো গেল তবেই সার্থক হবে।’

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভো হেলথকেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক উদ্দিন কাউসার, ফরাজি হসপিটালের চেয়ারম্যান আনোয়ার হোসেন ইমন ফরাজি।

ডিজিটাল হেলথকেয়ার ইকোসিস্টেমের ওপর স্পিকার প্যানেল হিসেবে আলোচনা করেন লাইফস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও ডা. সাইদুল আশরাফ কুশল, ডক টাইম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও ‘হেলথ বন্ধু’র চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সাঈদ।

ইত্তেফাক/এএইচপি