আবের ওপর হামলাকারী কে এই তেতসুয়া ইয়ামাগামি

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৬:০০

একটি উন্মুক্ত জনসমাবেশে বক্তব্য রাখার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চালান এক ব্যক্তি। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি রেল স্টেশনের বাইরে এই ঘটনা ঘটে। জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর ওপর হামলা চালানো ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই আটক করে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি। হামলাকারী ৪১ বছর বয়সি তেতসুয়া ঐ এলাকারই বাসিন্দা এবং জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য বলে জানা যায়। দৃশ্যত হাতে তৈরি বন্দুক নিয়ে আবের ওপর গুলি চালায় হামলাকারী।

হামলার আগে শিনজো আবের ১০ ফুট পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। আবে বক্তব্য রাখার মধ্যেই তার ওপর দুবার গুলি চালান তেতসুয়া। সঙ্গে সঙ্গে রাস্তার ওপর পড়ে যান সাবেক প্রধানমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার রক্তাক্ত শরীর দেখা গেছে। তবে গুলি চালানোর পর ঘটনাস্হল থেকে পালানোর কোনো চেষ্টাই করেননি হামলাকারী। তাকে সঙ্গে সঙ্গে আটক করে নিরাপত্তাকর্মীরা।

তেতসুয়াকে এখন নারা নিশি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারী পুলিশকে জানিয়েছেন, হত্যার উদ্দেশ্যেই তিনি আবের ওপর গুলি চালান। তার দাবি, শিনজো আবের ওপর তিনি অসন্তুষ্ট ছিলেন। তবে তার কারণ কী তা এখনো জানা যায়নি।

জানা গেছে, তেতসুয়া শিনজো আবেকে গুলি করার জন্য একটি শটগান ব্যবহার করেন। সেটিও তিনি নিজেই তৈরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তেতসুয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি