ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতে ঈদে ঘরে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পরে যায়। এসময় গফরগাঁও, ময়মনসিংহ ও জামালপুরগামী কমপক্ষে তিনটি ট্রেন আটকা পড়ে।
জানা গেছে, শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী ষ্টেশনের আউটার সিগনালের কাছাকাছি হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস আড়াই ঘণ্টা, দেওয়াগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেন প্রায় সাড়ে তিনঘণ্টা, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা কাওরাঈদ ,শ্রীপুর ও রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে। এই তিনটি ট্রেনে ভ্রমণকারী প্রায় ১০ হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে টেনে নিয়ে যায় মশাখালী রেলওয়ে ষ্টেশনে। রাত পৌনে দশটার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকলের ঘটনায় যাত্রী নিরাপত্তায় গফরগাঁও রেলওয়ে পুলিশ ও ট্রেনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
