সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে ৩০ চুরির মামলার আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মুকুল হোসেন সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশ থেকে এ সময় দুর্গন্ধ বের হচ্ছিল। তাদের ধারনা দুই তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় তার মুখ হাত ও পা বাধা ছিল। তার বিরুদ্ধে সদর থানায় ৩০টিরও বেশী চুরির মামলা রয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
