রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২২, ০১:৪২

রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মাহমুদুল জেলার গঙ্গাচড়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর কেরানীপাড়ার আব্দুল মান্নানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে নগরীর পরশুরাম থানার পাশের চাচার বাড়িতে কোরবানির কাজে ব্যস্ত ছিল মাহমুদুল। মাংস কাটার সামগ্রী আনার প্রয়োজন হলে পরশুরাম থেকে বাসার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনি। মাহমুদুল পাকার মাথা নামক স্থানে আসলে মহিপুর গামী একটি মাইক্রোবাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহমুদুলের মৃত্যু হয়।


ওসি হোসেন আলী বলেন, ঘটনার পর পরই মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ইআ