রাজধানী থেকে আজও বাড়ি ফিরছে মানুষ। ঈদের দ্বিতীয় দিন আজ। যারা বাড়ি ফিরতে পারেননি, তারা অনেকেই বাড়ি ফিরছেন। সোমবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে গুলিস্তানে ঘরমুখো মানুষের এমনই ঢল দেখা গেছে। এছাড়া সেখানে দেখা গেছে গাড়ির জট।
ইকরাম শেখ। গ্রামের বাড়ি ফরিদপুর। তার হাতে কোরবানির মাংসের বড় ব্যাগ। তিনি বলেন, ‘আমি ঢাকায় গার্মেন্টেসে চাকরি করি সিরিয়ালম্যান হিসেবে। বসে দুইটা গরু কোরবানি দিছে। আমি তার সব কাজ কইরা দিছি। আজ মাংস নিয়ে বাড়ি যাচ্ছি।’
নুরুজ্জামান আজ পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা করি ঢাকায়। ঈদের রাতে বাড়ি যাইনি যানজট ও ভোগান্তির কথা চিন্তা করে। বাড়িতে আজ কোরবানি দিছে, তাই রাস্তাঘাট দেখে আজ যাচ্ছি।’
রানু আক্তার। গ্রামের বাড়ি নরসিংদী। তিনি ঢাকায় তার ভাইয়ের বাড়িতে থাকেন। আজ বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই ঢাকায় থাকেন। বড় চাকরি করেন। তিনি ঢাকায় প্রতিবার কোরবানি দেন। আমি তার বাসায় থাকি। আজ কোরবানির মাংস নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। বাড়িতে আমার ছেলে-মেয়ে আছে। ওরা খাইবো।’
এদিকে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদের দ্বিতীয় দিনেও অনেকে কোরবানি দিচ্ছেন। দুপুর ১২ টার দিকে লালবাগে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
