তিতাসে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি নিহত

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৮:৫৮

কুমিল্লার তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে হরিকৃষ্ণ চন্দ্র বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের ছেলে হরিকৃষ্ণ চন্দ্র বিশ্বাস সকাল ৮টায় গ্রাম সংলগ্ন জমিতে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কেটে পার্শ্ববর্তী তালুকপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে মজিবুর রহমানের আমন ধানের জমির পাশ দিয়ে ফিরছিলেন। এতে আমন ধানের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান। এক পর্যায়ে হরিকৃষ্ণ ও মজিবুরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মজিবুরের হাতে থাকা কাঁচি দিয়ে  হরিকৃষ্ণের বাম হাতে কোপ দেয়। আহত অবস্থায় হরিকৃষ্ণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হরিকৃষ্ণকে স্থানীয় লোকজন সকাল ১০টায় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। 

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে হরিকৃষ্ণের লাশ থানায় নিয়ে আসে। অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি