খুলনায় বাসের ধাক্কায় আরাফাত হাওলাদার (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাবু ফারাজী নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) বিকাল ৬টার দিকে নগরীর আরাফত নগর ও ময়ূরব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার নূরুল হক হাওলাদারের ছেলে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রঞ্জন কুমার গাইন বলেন, সোমবার বিকালে মোটরসাইকেলে নগরীর জয়বাংলা মোড় হয়ে সোনাডাঙ্গার দিকে যাচ্ছিলেন আরাফাত ও বাবু ফারাজী। মোটরসাইকেলটি আরাফত নগর ও ময়ূরব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক পেশায় ইজিবাইক চালক ছিলেন। নিহত আরাফাতের সঙ্গী আহত বাবুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
