পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সালাহউদ্দিনের (১৩) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার সকালে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী-পুরুষ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা সালাহউদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। বক্তব্য দেওয়ার সময় নিহত সালাহউদ্দিনের পিতা ফল ব্যবসায়ী সিদ্দিকুর রহমান কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এম মতিউর রহমান, পাড়েরহাট ইউনিয়নের চেয়াম্যান গোলাম সরোয়ার বাবুল এবং উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, গত শব-ই-বরাতের রাতে নামাজ পড়তে গিয়ে স্থানীয় কিছু কিশোর অপহরণ করে সালাহউদ্দিনকে। অপহরণের পরই কৌশলে ঘুমের ঔষধ খাইয়ে সালাহউদ্দিনকে অচেতন করে দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করে তার মৃতদেহটি একটি ডোবায় লুকিয়ে রাখে অপহরণকারীরা।
পরের দিন অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন করে। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা পর্যায়ক্রমে ৯ অপহরণকারীকে আটক করে। ৩ জুন নিহত সালাহউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এমবিবিএস চিকিৎসক থেকেও নেই!
এ ঘটনায় নিহত সালাহউদ্দিনের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওই দিন ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্য মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু
