হোমনায় পানিতে ডুবে স্কুল ছাত্রসহ ২ শিশু মারা গেছে। বুধবার (১৩ জুলাই) সকালে শিশু আবদুর রহমান বাড়ির পাশের খালের পানিতে ডুবে ও মঙ্গলবার বিকালে শিশু আয়ান তিতাস নদীতে ডুবে মারা যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হল, উপজেলার বাবরকান্দি গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে আবদুর রহমান (৪) ও হোমনা সদরের পশ্চিম পাড়ার সুমন মিয়ার স্কুল পড়ুয়া ছেলে আয়ান (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুর রহমান সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু। পরে স্থানীয়রা খালে তার লাশ ভাসতে দেখে। এরপর সেখান থেকে উদ্ধার করে সকাল ৯টা ১৫মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নিহত স্কুল ছাত্র আয়ান মঙ্গলবার দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজি করে স্থানীয়রা পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আয়ান হোমনা ডিগ্রি কলেজ রোডের একটি কিন্ডার গার্টেনের কেজি ওয়ানের ছাত্র ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
