ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম বেড়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ২০:১৪

গত এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। প্রকারভেদে ৬৫-৭০ টাকার কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা দরে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩২-১৩৫ টাকা দরে। 

সরেজমিনে দেখা যায়, সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা যায়, গত ৬ জুলাই পাইকারি বাজারে যে মরিচ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। ফুলবাড়ী পৌর বাজারে সবজি কিনতে আসা কলেজশিক্ষক মো. মাজেদুর রহমান বলেন, সব জিনিসের দাম মোটামুটি ঠিক আছে। তবে কাঁচা মরিচের দাম কেজি অনেক বেড়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে। 

ফুলবাড়ী পৌর বাজারে খুচরা সবজি বিক্রেতা শ্যামল চন্দ্র ও সুব্রত সরকার বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম চড়া। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বাজারের পাইকারি ব্যবসায়ী সামসুল ইসলাম ও কালুকান্ত দত্ত বলেন, আমরা নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচা মরিচ আমদানি করে থাকি। কিন্তু বন্যার কারণে ঐসব অঞ্চলের মরিচের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে সরবরাহ কমে গেছে, পাশাপাশি দামও বেড়েছে। 

ইত্তেফাক/এআই