পুকুরে ঝাঁপ দিয়েও হলো না শেষ রক্ষা 

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:১৬

টহলরত পুলিশকে দেখে পুকুরে ঝাঁপ দিয়েও হলো না শেষ রক্ষা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দমকল বাহিনীর ডুবুরিদের সহায়তায় পুকুর থেকে তাকে গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামিকে।

বুধবার (১৩ জুলাই) বিকেলে গফরগাঁও পৌর শহরের শিবগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম সুরুজ আলী ওরফে সাইকো সুজন (৪২)। এসময় গ্রেফতার হওয়া সুরুজ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত, মাদক ও পুলিশকে মারধর করাসহ ৮টি মামলার আসামি বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ষোলহাসিয় শিবগঞ্জ রোড এলাকার জালাল উদ্দিনের ছেলে সুরুজ আলী ওরফে সাইকো সুজন। মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। থানা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছে। তাকে গ্রেফতার করতে তার বাড়িতে এবং সম্ভাব্য আস্তানাগুলোতে থানা-পুলিশ মাঝে-মধ্যেই অভিযান চালায়। রাতে বাড়িতে অবস্থান না করলেও দিনের বেলায় বিভিন্ন জায়গায় তাকে সরব দেখা যায়। ঈদের পর থেকে নিয়মিত দৃশ্যমান ছিল এলাকায়।
 
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, সুরুজ আলী সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। পুলিশ তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন চেষ্টা করছে।

ইত্তেফাক/এমএএম