ফুলবাড়ীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৫:১৭

ফুলবাড়ী উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত কয়েক হাজার রিকশা ও ভ্যান। বেপরোয়া গতির এসব রিকশা ও ভ্যানের পেছনে অপচয় হচ্ছে বিদ্যুৎ। দিন দিন ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের দাপট বাড়লেও নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেই।

তবে বিদ্যুতের অপচয়রোধে জনসচেতনতার বিকল্প নেই বলে জানান নেসকোর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ অফিসের সহকারী প্রকৌশলী মো. উজ্জ্বল মিয়া। 

জানা যায়, উপজেলায় অন্তত ৫ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান রয়েছে। যার সিংহভাগ রিকশার ব্যাটারি চার্জ করা হয় আবাসিক মিটার থেকে। এদিকে বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে জনসাধারণকে। রিকশার ব্যাটারি চার্জ দিতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তাতে ৪ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো যায়। ক্ষুদ্র ব্যবহারকারী হলে এ সংখ্যা আরো বেশি হতে পারে। 

নেসকোর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ অফিসের সহকারী প্রকৌশলী মো. উজ্জ্বল মিয়া জানান, ফুলবাড়ীতে বিদ্যুতের চাহিদা রয়েছে ৮ মেগাওয়াট। এর কম পেলে লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুতের অপচয় বন্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে নেসকোর পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/এমএএম