বৃষ্টির অভাবে আমন রোপণ নিয়ে বিপাকে কৃষক

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৮:৪০

আষাঢ় মাসের শেষ তবু বৃষ্টির দেখা নেই। আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় আমনের চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি ২০২২-২৩ মৌসুমে জেলায় ৬৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬৩ হাজার ৬০০ হেক্টর, হাইব্রিড জাতের ৫ হাজার ও স্থানীয় জাতের ১ হাজার হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল। কিন্তু আশানুরূপ বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।

কৃষকরা জানান, আমনের চারার বয়স বেশি হলে সেই চারায় ভালো ফলন পাওয়া যাবে না। তবে অনেকে বাধ্য হয়ে গভীর নলকূপের সাহায্যে সেচ প্রদানের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ শুরু করেছেন। সাধারণত জুন মাসের মাঝামাঝি থেকে টুকটাক চারা রোপণ শুরু হলেও জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার কৃষকরা পুরোদমে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ৫৫০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। 

ইত্তেফাক/এআই