দিনাজপুরের ফুলবাড়িতে শুক্রবার সকালে ট্রাকচাপায় আমিন মণ্ডল টুডু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমিন মণ্ডল বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর কামারপাড়া গ্রামের মৃত ভূষণ টুডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ধান বোঝাই একটি ট্রাক বিরামপুর যাচ্ছিল। ফুলবাড়ি পৌরসভার গৌরীপাড়াস্থ ইউডিপিএস সংস্থার অফিসের সামনে পৌঁছালে ট্রাকের চালক আমিন মণ্ডল টুডুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আমিন মণ্ডল টুডুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
