সব জল্পনার অবসান ঘটিয়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জড়িয়েছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। বায়ার্নে আট মৌসুম খেলে প্রতিবারই বুন্দেলিগা টাইটেল জিতেছেন, ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ জয় করেন এবং নিজেকে পরিণত করেছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে। হয়েছেন ফিফা দ্য বেস্টও। বয়সটাও কিছুদিন পর ৩৪- এ পা দেবে। তাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই ভাবছিলেন এই তারকা স্ট্রাইকার।
সেই চ্যালেঞ্জ নিতেই বার্সায় এসেছেন তিনি। তাকে বায়ার্ন মিউনিখ থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে বায়ার্নের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চান রবার্ট লেভানডফস্কি। বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বুন্দেসলিগা থেকে ভিন্ন একটি লিগে খেলতে চেয়েছি, দীর্ঘদিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া। তবে এটা আমার লাইফের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি চেয়েছি নতুন কোথাও বাঁচতে এবং পরিবারের সঙ্গে নতুন কিছু আবিস্কার করতে।’
লেভানডফস্কি বলেন, ‘আগামী বছর থেকে আমার মেয়ে ক্লারা স্কুলে যাবে। আমাদের সিদ্ধান্ত নিতেই হতো। এবং সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ নতুন কিছু করা। যদি এখন নয়, তাহলে আর কখনোই সম্ভব হবে না। এমন সুযোগ লাইফে একবারই আসে। আমি জানি, শিগগিরই আমি ৩৪ বছরে পা দেবো। কিন্তু আমি শারীরিক ও মানসিকভাবে নিজেকে খুবই শক্তিশালী মনে করি। বার্সেলোনাও একইভাবে দেখে। আমি জানি না এরপরে কী ঘটবে, আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলতে চাই।’
বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে দারুণ আটটি বছর ছিল। আমি বিশ্বাস করি, বিগত সপ্তাহগুলোতে যে দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে। উভয় পক্ষ থেকেই অপ্রয়োজনীয় কিছু জিনিস হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একসঙ্গে আমরা কী অর্জন করেছি, শিরোপা, বিজয়।’
আট বছরে বায়ার্ন ও বুন্দেসলিগা সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছেন তিনি। এ জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোলিশ তারকা। লেভানডফস্কি বলেন, ‘আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। এমনকি মিউনিখে আমার শেষ সপ্তাহে, যখন চারদিকে অসংখ্য গুঞ্জন উড়ছিল, তখনও আমাকে সমর্থন দিয়ে গেছে। আমি বিশ্বাস করি, তারা সবসময় আমার পেছনে রয়েছে এবং আমার সিদ্ধান্তকে সম্মান জানায়। আমি এটা কখনোই ভুলবো না।’
The Robert Lewandowski. pic.twitter.com/trSoeG51hC
— FC Barcelona (@FCBarcelona) July 18, 2022
