‘আত্মবিশ্বাস’

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:১৭

ধরে রাখতে চায়

পাকিস্তান

 স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাওয়া আত্মবিশ্বাস ধরে রাখতে মরিয়া পাকিস্তান। আগামীকাল বুধবার বিশ্বকাপ মিশনে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া দল। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী সম্বল পাকিস্তান দলের।

দলের বর্ষীয়ান ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বলেন, ‘আমি মনে করি ১০টি দলের সবাই যে কোনো সময়ই পরাজিত হতে পারে। ইংল্যান্ডের দিকে তাকালে দেখা যাবে এই মুহূর্তে তারা শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলছে। সবাই মনে করছে তাদেরকে পরাজিত করা অসম্ভব। আমরা এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এখন এটা ধরে রাখার পালা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সামপ্রতিক রেকর্ড মোটেই সন্তোষজনক নয়। ২০১৪ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ানদের বিপক্ষে শেষ ১৪টি ওয়ানডের মধ্যে পাকিস্তান মাত্র একটিতে জয়লাভ করেছে। অন্যদিকে শেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতেই জয়লাভ করা অস্ট্রেলিয়া মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল। যদিও ঐ সিরিজে পাকিস্তান তাদের সাতজন শীর্ষ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল।

এদিকে ওভালে গেল রবিবার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ৩৬ রানে পরাজিত হয়। যদিও, অস্ট্রেলিয়া ছন্দে আছেন বলেই মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া হাজি। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দারুণ ছন্দে আছে। কিন্তু তারাও যে কোনো সময়ই পরাজিত হতে পারে। ভারত সেটা করে দেখিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেই ঘাবড়াচ্ছেন না হাফিজ। তিনি বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের রেকর্ড মোটেই ভালো নয়। কারণ তারা শক্তিশালী ক্রিকেট খেলে। কিন্তু প্রতিদিনই নতুন দিন, এটা বিশ্বকাপ। ইংল্যান্ডকে পরাজিত করে আমরাও লড়াইয়ে ফিরে এসেছি।’

শুক্রবার ব্রিস্টলে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেনি পাকিস্তান। ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে। সেই ম্যাচের পয়েন্ট হারানোর আক্ষেপও ঝরল তার কণ্ঠে।

তিনি বলেন, ‘অবশ্যই বিষয়টি হতাশার। কিন্তু আবহাওয়ার ওপর কারো হাত নেই। এটা মেনে নিতেই হবে। আমি নিশ্চিত ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি পরবর্তী ম্যাচেও সেটা বজায় রাখতে পারবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে যাওয়া অবশ্যই ব্যাটসম্যানদের ভুল ছিল। তবে আমরা সেটা বুঝতে পেরেছি। ক্রিকেটে একটি দিন খারাপ আসতেই পারে। নিজেদের ফিরিয়ে আনার জন্য একে অপরকে সহযোগিতা করে ইতিবাচক বিষয়গুলো নেবার চেষ্টা করেছি।’ - বাসস/দ্য ডন