দৈনিক ইত্তেফাকের চারঘাট সংবাদদাতা এসএম মোজাম্মল হক (৫৮) আর নেই। গত রবিবার দিবাগত রাত ২টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি পিতা-মাতা, স্ত্রী ও এক পুত্র, চার ভাই, এক বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এসএম মোজাম্মেল হকের বাড়ি চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে। সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রিয় সন্তানের লাশ কাঁধে নিয়ে স্থানীয় ঈদগাহ ময়দানে এসে তার জানাজার নামাজ পড়ান অশীতিপর বৃদ্ধ পিতা নিজাম উদ্দিন। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এস এম মোজাম্মেল হক দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা ছাড়াও তিনি চারঘাট মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং চারঘাট প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী জেলার নির্বাহী কমিটির যুগ্ম সচিব, চারঘাট উপজেলা কমিটির সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা কমিটির সভাপতি, চারঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, পদ্মা বড়াল থিয়েটার প্রতিষ্ঠাতা ও চারঘাটের প্রথম কমিউনিটি অনলাইন পত্রিকা দৈনিক চারঘাট ডট কমের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, চারঘাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, চারঘাট মহিলা কলেজের গভর্নিং সভাপতি মাজদার রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর সভাপতি রফিক আলম ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নুরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
গত ঈদুল আজাহার দিন (১০ জুলাই) তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।
এদিকে এসএম মোজাম্মেল হকের মৃত্যুতে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া সমবেদনা জানান, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রফিকুল আলম, ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক মাইনুল হক, অর্থ সম্পাদক ময়েন উদ্দিন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি নুরুজ্জামান, পুঠিয়া জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আরও ৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নগরকান্দায় পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা