এবার নেশন্স লিগও পর্তুগালের

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:১৮

আরো শিরোপায় চোখ রোনালদোর

 স্পোর্টস ডেস্ক

ইউরোপসেরা পর্তুগাল রবিবার রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপাও জয় করেছে। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় শিরোপা জেতার পর দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন এবার আরো অনেক শিরোপা জিততে চায় তার দল।

সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তোলা রোনালদো শনিবার রাতে এস্তাদিও দ্রাগাওয়ের ফাইনালে নিজের ছায়া হয়েই ছিলেন। তবে দলগত নৈপুণ্যে তার এই নিষ্প্রভতা চোখে পড়েনি। ৬০ মিনিটে বার্নার্ডো সিলভার বাড়ানো বল থেকে গনকালো গুয়েদেসের করা গোলটিতেই জয় নিশ্চিত হয় পর্তুগালের।

দুই বছর আগে ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে পর্তুগালকে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন রোনালদো। তার দুই বছরের ভেতরেই আরেকটি আন্তর্জাতিক শিরোপা জিতল দলটি। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো জানান, উদ্বোধনী আসরেই পর্তুগালের এই শিরোপা জয় দারুণ সন্তুষ্টি দিয়েছে তাকে। জুভেন্তাস তারকা বলেন, ‘এ অনেক আনন্দের ব্যাপার। অসাধারণ এক যাত্রা ছিল এটা এবং আমি অনেক খুশি। পর্তুগালে পর্তুগিজ মানুষের সামনে এ শিরোপা জিতলাম আমরা। এটা আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার।’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানালেন, এখানেই থামবে না তার দল বরং ক্রমাগত উন্নতি করে আরো শিরোপা জিতবে তারা। বয়স ৩৪ ছুঁয়ে ফেললেও আন্তর্জাতিক ফুটবলে দারুণ প্রতাপেই খেলে যাচ্ছেন রোনালদো। ১৫৮ ম্যাচে ৮৮ গোল করে পর্তুগালের তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেরই সর্বোচ্চ ইউরোপীয় গোলদাতা তিনি। নেশন্স লিগ জয়ের পর উয়েফার ওয়েবসাইটকে দেওয়া বক্তব্যে আরো খেলা চালিয়ে যাওয়ারও ইঙ্গিত।

রোনালদোর ভাষায়, ‘জাতীয় দল এটা চালিয়ে যাবে, ক্রিশ্চিয়ানোকে সঙ্গে নিয়েই হোক কিংবা তাকে ছাড়া। আমি মনে করি দলটা দারুণ প্রতিভাবান। এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে আরো ভালো করার ক্ষমতা রাখে। আমি এই প্রকল্পের একটা অংশ হতে চাই কারণ আমি ভালো বোধ করছি এবং আমার ধারণা জাতীয় দলকে সাহায্য করার ক্ষমতা আমার আছে।’ দলের আরো শিরোপা জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

রোনালদো বলেন, ‘আমি মনে করি ক্রমাগত উন্নতি করার সামর্থ্যটা জাতীয় দলের আছে এবং আমার বিশ্বাস তারা আরো অনেক শিরোপা জিততে পারবে।’ এদিকে দিনের শুরুতে নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে ৬-৫ গোলে জয়লাভ করে হ্যারি কেইনের দল।