প্রীতি ম্যাচে অদম্য সেলেসাওরা
স্পোর্টস ডেস্ক
ব্রাজিল কোপা আমেরিকার আগে শেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে হারিয়ে দারুণভাবেই প্রস্তুতি সেরেছে। গোল করে-করিয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছিলেন মিডফিল্ডার ফেলিপে কোটিনহো। দলের ডিফেন্ডার থিয়াগো সিলভা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতিতে আসন্ন কোপা আমেরিকায় কোটিনহোর ফর্মে থাকাকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন।
রবিবার নিজেদের মাঠে কোপার আগে শেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে বড় জয় পায় ব্রাজিল। লক্ষ্যভেদ করেন গ্যাবিয়েল জেসাস, থিয়াগো সিলভা, ফেলিপে কোটিনহো, ডেভিড নেরেস, রবার্তো ফিরমিনো ও রিচার্লিসন।
গোড়ালিতে চোট পেয়ে নেইমার ছিটকে গেছেন আগের ম্যাচেই। শিরোপা জিততে হলে তাই ফর্মে থাকা কোটিনহোকে প্রয়োজন বলে জানালেন ডিফেন্ডার সিলভা। বার্সেলোনার হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে নিষ্প্রভ থাকলেও সিলভার বিশ্বাস নেইমারের শূন্যতা ঢাকতে পারবেন কোটিনহো। সিলভার ভাষায়, ‘দলগত খেলাটাই মুখ্য। কোটিনহো বার্সেলোনায় কঠিন এক মৌসুম কাটিয়েছে। তবে দুটো প্রীতি ম্যাচে সে দলের সেরা খেলোয়াড় ছিলো। সে তার সুখটা আবারও খুঁজে পেতে শুরু করেছে। এখন যখন নেইমার নেই তখন তাকে খুব প্রয়োজন আমাদের।’
