জ্বর-সর্দির প্রকোপ বেড়ে যাওয়ায় সৈয়দপুরে ফার্মেসিগুলোতে বিভিন্ন কোম্পানির জ্বরের ওষুধ পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে মিললেও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এমনটি জানিয়েছেন ভুক্তভোগী কয়েক জন ক্রেতা।
তারা বলেন, এসিটঅ্যামাইনোফেন জাতীয় ওষুধের সরবরাহ না থাকায় তাদের ভোগান্তি বাড়ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর উপসহকারী পরিচালক শামসুল আলম বলেন, ফার্মেসি মালিক ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে, দাম বেশি নেয়, এমন অভিযোগ পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।
জ্বরের ওষুধ নিতে আসা মিজানুর রহমান বলেন, দুদিন ধরে আমার ছেলের জ্বর। তিনটি ফার্মেসি ঘুরেও জ্বরের ওষুধ পাইনি।
ওষুধ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ডÌাগিস্টস সমিতি (বিসিডিএস) সৈয়দপুর উপশাখার সভাপতি ও শহীদ আমিনুল হক মেডিক্যাল স্টোরের মালিক মিজানুল হক বলেন, ‘এসিটঅ্যামাইনোফেন গ্রুপের ওষুধ সরবরাহ তুলনামূলক কম। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার বলেন, বাজারে কোনো ওষুধের সরবরাহ নেই, সেটা আমি বলতে পারব না। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে জ্বরের ওষুধ পর্যাপ্ত রয়েছে।
