‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ এই স্লোগানে ভিক্ষুকমুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে দুঃস্থ প্রতিবন্ধী, নারী, ভিক্ষুক ও বৃদ্ধদের মাঝে ভ্যান গাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বরিশাল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে ভ্যানগাড়ি ও অন্যান্য উপকরণ বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক স্বপন কুমার মূখার্জী, উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
১৬ জন ভিক্ষুক ও দুঃস্থদের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১০ জনকে ছাগল, ১২ জনকে সেলাই মেশিন, ১০ জনকে চা বিক্রির উপকরণ এবং ১২ জনকে মুদি দোকানের উপকরণ তুলে দেওয়া হয়েছে।
