রাবি ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক তথ্য প্রকাশ

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৩:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে শিফট-ভিত্তিক তথ্য প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৫ জুলাই সি ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই এ ইউনিট (মানবিক) এবং ২৭ জুলাই বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুলাই সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ১০০০১-২৭৬৮৩ রোল এবং অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৬৭৫ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৭৬৮৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৭৬৮৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৭৬৮৪ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১০০০১-২৬৮১০ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০০০১-৪৬৮০৯ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৬৮০৯ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৭০০০১-৮৬৮০৯ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই শেষ দিন বি ইউনিটের পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে বাণিজ্যের ১০০০১-২৭৭১১ রোল, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটে বিজ্ঞানের ৫০০০১-৬২৪৩৭ রোল এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানবিকের ৭০০০১-৭৮৪৭৩ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। যার মধ্যে এ ইউনিট থেকে ৬৭ হাজার ২৩৭ জন। বি ইউনিট থেকে ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ২০টি। সেই হিসেবে এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন শিক্ষার্থী।

ইত্তেফাক/এমএএম