ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন  ১২৯১ পরিবার 

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৭:১৭

দ্বীপ জেলা ভোলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ঘর পাচ্ছেন আরও ১২৯১ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে জেলায় ২৮৮৩ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর  হস্তান্তর করবেন। 

বুধবার (২০ জুলাই) সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। 

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ২৮৮৩ জন ঘর পাবেন বলে নিশ্চিত করেন।  

এসময় তিনি  জানান, ভোলা সদর উপজেলায় ৩২৫টি ঘর, দৌলতখান উপজেলায় ২০১টি ঘর, বোরহানউদ্দিন উপজেলায় ১০০টি ঘর, তজুমদ্দিন উপজেলায় ১৪৫ টি ঘর, লালমোহন উপজেলায় ২৯০ টি ঘর, চরফ্যাশন উপজেলায় ১৬০টি ঘর ও মনপুরায় উপজেলায় ৭০ ঘর হস্তান্তর করা হবে । 

আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দু’শতাংশ জমির উপর ২লাখ ৫৯লাখ টাকা ব্যয়ে উন্নতমানের দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে  উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ্য  করেন।  

জেলায় প্রথম দ্বিতীয় ও পর্যায় তৃতীয় পর্যায়ের ১ম ধাপে ১৫৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বিতরণ করা হচ্ছে  ১২৯১টি।

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানায়, 'বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না'- এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সারাদেশের ন্যায় ভোলাতেও ১২৯১ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে জমি ও ঘর হস্তান্তর করবেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৩২৫ টি ঘর হস্তান্তর করা হবে। ইতিমধ্যে তাদের কবিলত, রেজিস্ট্রেশন ও নামজারি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের তৃতীয় পর্যায়ে ২য় ধাপে তালিকা ভুক্ত সকলকে ঘর  বুঝিয়ে দেয়া হবে। এর বাইরে কোন ভূমিহীন থাকলে তাদেরকে পরবর্তীতে ঘর দেয়া হবে।   

 

ইত্তেফাক/এআই