ফুলবাড়ীতে কমেছে পেঁয়াজের দাম

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৩:৪৪

দিনাজপুরের ফুলবাড়ীতে গত চারদিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এর প্রভাবে দেশি পেঁয়াজেরও দাম কমতে শুরু করেছে।  

এতে করে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে প্রতিকেজি প্রকারভেদে ২৩-২৪ টাকা ও দেশি পেঁয়াজ ৮ থেকে ৯ টাকা কমে প্রকারভেদে ২৭-২৯ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমায় স্বাস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মধ্যে।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমেছে। তবে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা বাজারে আরো কমে আসবে বলে ব্যবসায়িরা দাবি করেন।  

বৃহস্পতিবার (২১ জুলাই) ফুলবাড়ী পৌরবাজারে সবজি কিনতে আসা কলেজ অধ্যক্ষ মো. সাজু বলেন, আজ পেঁয়াজের দাম কমেছে শুনে ভালো লাগলো। এ কারণে একটু বেশি করে দু’কেজি পেঁয়াজ কিনেছি। নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলে স্বল্প আয়ের মানুষের জীবন ধারণ করা সহজ হয়। 

ফুলবাড়ী পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ি সুব্রত কুমার বলেন, দীর্ঘদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় মাঝেমধ্যে পেঁয়াজের দাম উঠানামা করেছিল। কিন্তু আমদানি শুরু হওয়ার কারণে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে প্রতিকেজিতে ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে। গত চারদিন আগেও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে প্রকারভেদে ২৬ থেকে ২৯ টাকা কেজিদরে। এখন সেটি বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকা কেজিদরে। একইভাবে দেশি পেঁয়াজের দামও কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৭-২৯ টাকা কেজিদরে।

পৌরবাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা কালু কান্ত দত্ত ও মিলন হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে স্থানীয় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে আসে। এ অবস্থা অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরো কমে যাবে। 

ইত্তেফাক/এআই