প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এক সেমিনার আয়োজন করেছে। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বনানী স্টার টাওয়ারে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইমএশিয়া বিশ্বদ্যিালয়ের চিফ অ্যাডভাইজর কমডোর (অব.) জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফফাত জাহান। স্কুল অব সায়েন্সের ডিন ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. শুভময় দত্তের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ।
সেমিনার বক্তারা বলেন, খাদ্যের ঘাটতি পূরণ, সুপেয় পানির যোগান, চিকিৎসা সেবার বৈপ্লবিক পরিবর্তনের নিত্য অনুষঙ্গ উঠেছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। এরিমধ্যে সারা বিশ্বেই জৈব প্রযুক্তির সহায়তায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্তের সূচনা করে চলেছেন গবেষকরা। বায়োসেইফটির কথা বিবেচনায় নিয়ে এই প্রযুক্তির যথাযথ ব্যবহার বিশ্বকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দক্ষিণ আফ্রিকার কাওয়াঝুলু-নাটাল প্রাইভেট ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সের একাডেমিক লিডার অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি তার প্রবন্ধে নতুন ফসল উদ্ভাবন, জীনগত পরিবর্তন ঘটিয়ে গৃহপালিত প্রাণীদের ওজন বাড়ানো, দূষিত পানিকে সুপেয় পানিতে রূপান্তর, ভ্যাকসিন বিষয়ক গবেষণা, অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহারসহ আরো নানা নিত্য প্রয়োজনীয় খাতে জৈব প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে তা তুলে ধরেন। সেমিনার শেষে উপস্থিত অতিথিরা মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
