কমলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ খুন!

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

পাওনা টাকা চাওয়ায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে এক বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউয়ারগলা গ্রামের জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন একই গ্রামের শহিদ উল্যা (৬৫)। সোমবার সকালে করিম মিয়ার কাছে টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী করিম মিয়া ও আমির উদ্দিন মিলে বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।