কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৭) নামের এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হন। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ীর উঠানে অটোবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে বাইকে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় স্ত্রী পপি আক্তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আটকে যান। পরে শফিকুল ইসলামের বাবা আব্দুল মজিদ দ্রুত মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। গুরুতর আহত অবস্থায় পপি আক্তারকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
