“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮৮১ টি পুকুরে ১ হাজার ৯৫০ জন মৎস্য চাষি মাছ চাষ করছেন। বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ২ হাজার ৮৯০ মেট্রিক টন থাকলেও উৎপাদন হচ্ছে ১ হাজার ৭০২ মেট্রিক টন। এতে ঘাটতি রয়েছে ১ হাজার ১৮৮ মেট্রিক টন। তবে ২০১৯-২০২০ অর্থ বছরে উৎপাদন ছিল ১ হাজার ৬০২ মেট্রিক টন গত বছরের চেয়ে এবছর ১০০ মেট্রিক টন উৎপাদন বেড়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে। এতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রাকিবুল ইসলাম রুবেল, যুগের কথার রাইসুল ইসলাম রিপন, আমার সংবাদের ইয়াছিন কবীর, প্রতিদিনের সংবাদের আশিক সরকার, আমাদের অর্থনীতির গোলাম কিবরিয়া, দিনকালের আব্দুর রাজ্জাক রাজ, আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মারুফ।
