খুলনায় আড়াই মাস পর কবর থেকে মোটর গ্যারেজ মালিক মো. বিপ্লবের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রবিবার দুপুরে নগরীর গোয়ালখালী কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
এ সময় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব, সিআইডি, খালিশপুর থানা পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, রবিবার দুপুরে নগরীর গোয়ালখালী কবরস্থান থেকে বিপ্লবের লাশ উত্তোলন করা হয়েছে। পরে লাশ ফরেন্সিক তদন্তের জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষ ফরেন্সিক তদন্ত শেষ করে রিপোর্ট করবে। এরপর যথাযথভাবে লাশ কবর দেওয়া হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গত ৭ মে রাত দেড়টার দিকে ব্যবসায়ী বিপ্লবের ছেলে মেহেদী হাসান তুহিনকে মোবাইল ফোনে কল করেন গ্যারেজের এক কর্মচারী। তাকে জানানো হয়, তার বাবা রাতে স্ট্রোক করে মারা গেছেন। পরদিন সকালে ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর আড়াইটার দিকে তিনি খুলনা পৌঁছান। তিনি যখন বাড়িতে পৌঁছান, তখন গোয়ালখালী কবরস্থানে লাশ দাফনের সব ব্যবস্থা হয়ে গেছে। তার অনুপস্থিতিতে মৃত বাবার দাফন, জানাজা সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত না করার জন্য আবেদনও করা হয়। যিনি ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছিলেন তিনি তার পরিবারের কেউ না।
মেহেদী হাসান তুহিন গত ২২ মে বাবাকে হত্যার অভিযোগে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ২৪ মে শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমী আহমেদ মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন । গত ৩ জুন মামলার তদন্ত কর্মকর্তা ব্যবসায়ী বিপ্লবের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। ১০ জুন খুলনার অতিরিক্ত চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সুমী আহমেদ মরদেহ উত্তোলন করার নির্দেশ দেন।

জীবননগরে বয়লার বিস্ফোরণে নিহত ১
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড