লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, 'দুপুরে বালাপাড়া গ্রামের তিস্তা নদীর তীরে এক তরুণের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আদিতমারী থানার ওসি মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
নিহত তরুণের পরণে থ্রি কোয়ার্টার প্যান্ট, বেগুনি রঙয়ের টি শার্ট ও গলায় একটি তাবিজ রয়েছে। অনেকদিন মরদেহটি পানিতে থাকায় শরীরের চামড়া ও মাথার খুলি খুলে পঁচে গলে গিয়েছে। ফলে তার চেহারা দেখে পরিচয় নিশ্চিত করা কষ্টকর হয়ে পড়েছে। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে ওসি জানান।
ইত্তেফাক/নূহু
