মতলবে দুই লঞ্চের চাপায় একজন নিহত

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:২২

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে দুই লঞ্চের চাপায় ফজলুল হক (৪৫) নামে একজন নিহত হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মোহনপুর লঞ্চঘাটে নারায়ণগঞ্জগামী এমভি আমির ও ঢাকাগামী এমভি মানিক নামের লঞ্চের চাপায় সে মারা যায়।

মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের জলিল মিয়ার ছেলে ফজলুল হক নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে মোহনপুর লঞ্চঘাটে আমির লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের ধাক্কায় মাঝখানে পড়ে যায়। মারাত্মকভাবে আহত হলে তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফজলুল হককে মৃত ঘোষণা করে।

মোহনপুর লঞ্চ ঘাটের ইজারাদার আবু মুসা জানায়, দুই লঞ্চের চাপায় ফজলুল হক নামের একজন যাত্রী আহত হলে আমরা তাকে উদ্ধার করে দ্রম্নত উপজেলা হাসপাতালে প্রেরণ করি।

উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আকলিমা জাহান জানান, তাকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। তারপরেও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হই। স্থানীয় কলাকান্দা ইউপির সাবেক মেম্বার হাবিবুর রহমান জানান, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ফজলুল হক পরিবারের সাথে গ্রামে ঈদ কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন ফজলুল হক।