কক্সবাজারের টেকনাফের নাফনদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর রামু,কর্ণেল মোহাম্মদ আজিজুর রউফ পিএসসি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে, সোমবার সকাল ১০টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৩৫০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে খরেরদ্বীপে নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা লুকিয়ে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে অধিনায়কের নেতৃত্বে দুইটি বিশেষ টহলদল খরেরদ্বীপে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে দ্বীপের মধ্যবর্তী স্থানে চোরাকারবারীদের একটি গোপন আস্তানা খুঁজে পায় বিজিবি। আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে উক্ত আস্তানায় একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে টহলদল ওই আস্তানায় দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে। তবে এ সময় কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
