আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখতে থাকেন। আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকলে আন্দোলন সফল হয় না। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
‘পরিবেশ না থাকায় বিএনপি নেতারা এলাকায় যেতে পারেনি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবার এ রকম কোনো সমস্যা কোথাও ছিল না। এটা বিরোধী দলের একটা সুবিধা। ইচ্ছা করেই তারা এলাকায় যান না। আর পরিবেশের অভিযোগ তোলেন। এসব ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগকারী মওদুদ আহমেদ তো এবার এলাকায় ছিলেন। তিনি কি কোনো অভিযোগ করেছেন?
‘এ সংসদ অবৈধ’ মর্মে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে সংসদ অবৈধ, সে সংসদের সদস্য হওয়ার জন্য তিনি এত সিরিয়াস হলেন কেন, সংসদ অবৈধ হলে তিনি কি বৈধ? কোন বৈধতার সূত্রে তিনি সংসদে গেলেন?’ তিনি বলেন, সংসদ নিয়ে বিএনপির স্ব-বিরোধিতা পরিষ্কার। পার্টির মহাসচিব নির্বাচিত হয়েও শপথ নিলেন না। তার জায়গায় আবার বিএনপির জেলা সভাপতি উপ-নির্বাচন করছেন। এই ধরনের দ্বৈত নীতি নিয়ে যারা চলেন, তারা অতীতেও আন্দোলনে ব্যর্থ হয়েছেন, আগামীতে ব্যর্থ হবেন।
এবারের ঈদ যাত্রা বিষয়ে মন্ত্রী বলেন, ঈদ যাত্রা এবার ভালো ছিল। শুধু টাঙ্গাইলে কিছুটা সমস্যা হয়েছে। সড়ক দুর্ঘটনার হার অনেক কম ছিল। তবে এখনো সড়কে শৃঙ্খলার অভাবে হয়েছে। আমাদের স্বস্তি পাওয়ার সুযোগ নেই। মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিষয়ে সরকারের কোনো দুর্বলতা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধান এ বিষয়ে খুব কঠোর। সুতরাং এ ব্যাপারে কারো ক্ষেত্রে শৈথিল্য দেখানোর অবকাশ নেই। ফেনির সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে খুঁজে বের করতে চেষ্টার কোনো ক্রটি হচ্ছে না, এক্ষেত্রে কারো গাফিলতিও নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে খুব সিরিয়াস। তবে একটা লোক পলাতক হলে তাকে অ্যারেস্ট করা কষ্টকর হয়। হয়তো শুনবেন খুব শিগগির ধরা পড়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতুতে একমাত্র রাষ্ট্রপতির গাড়ি টোলবিহীন চলাচল করে। প্রধানমন্ত্রীকেও টোল দিয়ে সেতু অতিক্রম করতে হয়। তবে ভবিষ্যতে এই সেতু দিয়ে চলাচল করা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের গাড়ি টোল ফ্রি করা যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।
ঈদ যাত্রায় পরিবহনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এবার ভাড়া বেশি আদায় হয়েছে, সেটা আমরা জানি। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পরিবহন আইন সংসদে পাশ হওয়ার পরেও তা কার্যকর হয়নি, এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আপনারা দেখেছেন তারা (পরিবহন শ্রমিক) কী পরিমাণ আন্দোলন করেছিল, জনগণকে জিম্মি করেছিল। তারা কিছু দাবি পেশ করেছে, আমরা সেগুলো সমন্বয় করার চেষ্টা করছি।
এদিকে উবার ও পাঠাওসহ রাইড শেয়ারিং সার্ভিসের ২০টি সেবাকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। আগামী এক মাসের মধ্যে রাইড শেয়ারিং নীতিমালা অনুমোদন করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকদের কাছে সরকার জিম্মি নয়। তাদের আন্দোলনের কারণেই সড়ক পরিবহন আইনটি কার্যকর হয়নি। সরকারের পক্ষ থেকে আলোচনা করে আইনটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলেও তা করা যায়নি।
