গাজীপুর সদরে নৌকার প্রার্থী রীনা পারভীনের ব্যাপক গণসংযোগ

আপডেট : ১১ জুন ২০১৯, ০০:২৭

উপজেলা পরিষদ নির্বাচন

গাজীপুর প্রতিনিধি

আগামী ১৮ জুন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভীন সোমবার দিনভর বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল সকালে তিনি বাঘেরবাজার এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন। পরে তিনি বানিয়ারচালা, শিরিরচালা, নতুনবাজার, পাঁচপীরের মাজার, পাটপচা, নলজানি ও মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পথ সভায় রীনা পারভীন বলেন, উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৮ জুন নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে হবে। এসময় প্রার্থী রীনা পারভীন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন নির্মাণ ও সংস্কারসহ ভোটারদের নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।