চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এরইমধ্যে উদ্যোগ নিয়েছে। এবার ঈদুল ফিতরের আগে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের সমস্যা আর যাতে না হয় সেজন্য চাঁদ দেখার জন্য সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছি।
বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখার বিষয়ে আধুনিক যন্ত্রের ব্যবহার নিয়ে বৈঠকে প্রশ্ন ওঠে। তখন ধর্ম সচিব জানান, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে। প্রতিটির দাম পড়বে ৫০ লাখ টাকার মতো। কমিটির সভাপতি বলেন, তারা মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন, যাতে আগামীতে এ ধরনের বিতর্ক তৈরি না হয়। ভবিষ্যতে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। মন্ত্রণালয় বলেছে, তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে।
