মেহেরপুরে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামসহ ৮ জন গুরুতর আহত হয়েছে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৮টি মোবাইল ও নগদ কুড়ি হাজার টাকা ছিনতাই করে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মেহেরপুরের গহরপুর গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার পিরোজপুর গ্রামের মেহেরপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামসহ ৯ জন গহরপুর থেকে বাড়ি ফিরছিল। এ সময় গহরপুর গ্রামের মাঠের মাঝখান দিয়ে যাওয়া রাস্তার ওপর ১৪ থেকে ১৬ জনের একটি অস্ত্রধারী ছিনতাইকারীদল তাদের গতিরোধ করে। প্রথমে তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর নগদ টাকা ও মোবাইলসহ অন্য সামগ্রী ছিনতাই করে নেয়।
ছিনতাইকারীরা চলে গেলে আহতদের চিৎকারে পাশের গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতােেল নিয়ে যায়। এদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক।
অন্য আহতরা হলো, শাহিন উদ্দিন (৩৮), ইস্রাফিল হোসেন (৪২), তোফাজ্জেল হোসেন (৪৫), স্বপন আলী ( ৩৭), দোয়াত আলী (৫০), মতি হোসেন (৩৭) ও আব্বাস আলী (৪২)। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
ইত্তেফাক/নূহু
