উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় খুন, গ্রেফতার ৫

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৪:৫০

রাজশাহী মহানগরীতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় প্রতিবেশীর ছুরির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মুকুল আলী। এদিকে এ হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হলো খাদিজা, মিঠুন, মোমিন, সোহেল ও পলাশ।

আরএমপির মুখপাত্র মো. রফিকুল ইসলাম জানান, নগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকায় নাহিদ গত সোমবার রাতে উচ্চস্বরে গান শুনছিল। প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তঃসত্ত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক শব্দ কমিয়ে দিলেও আবার বাড়িয়ে দেয়। মুকুল আলী পুনরায় ঐ বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করলে আসামি নাহিদ, তার বাবা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালাগাল করে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় এবং ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরও মারপিট করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মুকুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মুকুলের ছেলে শাহীন আলম শাহ মখদুম থানায় হত্যা মামলা দায়ের করে। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম