মাথা ন্যাড়া করে বেশ বদলে পালানোর চেষ্টা

আপডেট : ১১ জুন ২০১৯, ২০:৩৫

চট্টগ্রাম থেকে প্রেমিকাকে নারায়ণগঞ্জে ডেকে এনে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম সানিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সানি মুন্সিগঞ্জ ফুলতলা এলাকার নুরুল হক ব্যাপারীর ছেলে।
 
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, সানি মাথা ন্যাড়া করে কৌশলে পালাতে চেয়েছিল। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালককে গণধোলাই

সোমবার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। তিনি অভিযোগ করে বলেন, ধর্ষণের পর এসআই সাইফুল সানিকে গ্রেফতার না করে উল্টো তাকে গাড়িতে তুলে দিতে চেয়েছিলেন। এছাড়া সানির মা থানায় এলে তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন ওই পুলিশ কর্মকর্তা। 

উল্লেখ্য, ঈদের ছুটিতে গত ৭ জুন সানির আমন্ত্রণে চট্টগ্রামের হাটহাজারী থেকে নারায়ণগঞ্জে আসেন ওই তরুণী। পরে তাকে চট্টগ্রামে পাঠানোর চেষ্টা করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে লোকজন জড়ো হলে সানি পালিয়ে যায়। মামলায় ধর্ষণে সানির মা ও এক ভাই জড়িত দাবি করা হয়।

ইত্তেফাক/অনি