ইত্তেফাক রিপোর্ট
দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে তিন দিনব্যাপী স্বর্ণ কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় অবৈধ সোনা বৈধ করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৩, ২৪, ২৫ জুন হোটেল ইন্টার কনটিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে চোরাচালানের সোনাও বৈধ করা যাবে। মেলা বিষয়ে বিস্তারিত অবহিত করতে আজ বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাজুস।
এ প্রসঙ্গে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমাদের দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। এ জন্য আমরা স্বর্ণ কর মেলা করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আমাদের সহযোগিতা করছে। তিনি বলেন, স্বর্ণ কর মেলায় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে অবৈধ সোনা বৈধ করা যাবে।
সোনা ব্যবসায়ীরা বলছেন, দেশে বছরে সোনার চাহিদা ৩০ থেকে ৪০ টন। অথচ দেশে বৈধপথে সোনা আমদানি একেবারেই হয়নি। ফলে অবৈধ পথে আনা সোনা দিয়েই এই চাহিদা পূরণ হয়ে থাকে।এর আগে অবৈধ সোনা বৈধ করার সুযোগ দিয়ে ২৮ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে। সে প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সোনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
